মোঃআনজার শাহ
অনুমোদিত নকশা অমান্য করে কিংবা নকশা ছাড়াই যাঁরা ভবন নির্মাণ করেছেন, তাঁদের নিয়ন্ত্রণে আনতে বিধিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বণিক বার্তা আয়োজিত ‘স্মার্ট সিটি কনক্লেভ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দেশের আবাসন, নির্মাণ, জ্বালানি ও নগর পরিকল্পনা খাতের নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
মন্ত্রী বলেন, গত সাত মাসে রাজউকের আদলে নতুন ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এগুলো হলো ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও বরিশাল। এর আগে আরও চারটি কর্তৃপক্ষ ছিল। পর্যায়ক্রমে বগুড়া নিয়েও কাজ চলছে।
উন্নয়ন কর্তৃপক্ষ না থাকলে সিটি করপোরেশনই নকশা দেয়, আবার তারাই কাজ করে; ফলে সেখানে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ থাকে না। এ কারণে সবাইকে একটি সামগ্রিক আইনি কাঠামোর আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। এরই অংশ হিসেবে নকশা ছাড়া কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের জন্য বিধিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে।
গুলশান-বনানীর লেক ও হাতিরঝিল নিয়ে প্রধানমন্ত্রীর ছয় বৈঠক
বাস্তবতা তুলে ধরে মন্ত্রী বলেন, গুলশান, বনানীর লেক ও হাতিরঝিল নিয়ে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে ছয়বার বৈঠক করেছেন। তাঁর ভাষ্য, গুলশান-বনানীর বাড়িগুলোর বোধ হয় ৭০ থেকে ৮০ শতাংশে নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোকওয়েল থাকার কথা থাকলেও তা করা হয়নি। নামী-দামি ডেভেলপারেরা ভবন করে সুয়ারেজ লাইন সরাসরি লেকে দিয়ে দিয়েছেন।
সবাইকে সচেতন করতে সরকার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে গুলশান, বনানী ও বারিধারা সোসাইটির সঙ্গে তিন থেকে চারবার বৈঠক হয়েছে।
আগে কেবল একজন স্থপতির নকশা পাস হতো, কিন্তু এখন স্থাপত্য, কাঠামোগত ও বৈদ্যুতিক পরিকল্পনা সবকিছু একসঙ্গে জমা দিতে হবে বলে জানান মন্ত্রী। নকশা অনুমোদনের পর ভবন নির্মিত হলে অকুপেন্সি সার্টিফিকেট পেতে নকশাকারীদের প্রত্যয়ন করতে হবে যে ভবনটি সঠিকভাবে তৈরি হয়েছে।
মন্ত্রী জানান, নগর উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রথমবারের মতো প্রায় ১০ বছর মেয়াদি একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় প্রথমে মেট্রোপলিটন শহরগুলো নিয়ে কাজ হচ্ছে। এরপর বড় শহর থেকে শুরু করে একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত প্রকৃত অর্থে মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে কাজ করা হবে।
পলিসি কনক্লেভে ‘এলপিজি ও সোলার’ বিষয়ে আলোচনায় অংশ নেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। ‘নির্মাণে দেশীয় সক্ষমতা’ নিয়ে আলোচনায় ছিলেন বিএসএমএর সভাপতি ও ক্রাউন সিমেন্ট পিএলসি এবং জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জিএমইএবির সভাপতি ও নাসির সিনট্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস।
‘স্মার্ট-সবুজ আবাসন ও অর্থায়ন’ নিয়ে আলোচনা করেন স্পেসজিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী দত্ত।
‘প্রাথমিক আলোচনা ও বৃহত্তর দৃষ্টিভঙ্গি: আবাসন, নির্মাণ ও টেকসই নগরায়ণ’ শীর্ষক পর্বে অংশ নেন বুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.