মোঃ আনজার শাহ :-
গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিনের বদলি বাণিজ্যের অভিযোগের অবসান ঘটিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে লটারির মাধ্যমে নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়ন করছে সরকার। যোগ্য কর্মকর্তাকে যোগ্য স্থানে পদায়ন এবং বদলির ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন কার্যক্রমে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি গণপূর্ত অধিদপ্তরকে স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা।
লটারি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জাকারিয়া তাহের জানান, এবার ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীর বদলি ও পদায়নের জন্য লটারি অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও সংসদ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন থেকে চারটি স্থানের পদায়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই ৭৬৭ জন এবং আগস্টে ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়। এ ছাড়া গত ১৬ আগস্ট একই পদ্ধতিতে ২১৯ জন সহকারী প্রকৌশলী ও ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলীর বদলি সম্পন্ন হয়। সব মিলিয়ে এ পর্যন্ত লটারির মাধ্যমে বদলি ও পদায়নের আওতায় এসেছেন ১ হাজার ৪৩০ জন কর্মকর্তা।
মন্ত্রী বলেন, মানবিক কারণে কারও বিশেষ প্রয়োজন থাকলে তিনি আবেদন করতে পারবেন। কাউকে হয়রানি করা সরকারের উদ্দেশ্য নয়; বরং প্রত্যেক কর্মকর্তা যেন সমান সুযোগ পান এবং পুরো প্রক্রিয়াটি যেন মানবিক ও স্বচ্ছ থাকে, সেটিই নিশ্চিত করা হচ্ছে।
গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, “আমাদের উদ্দেশ্য একটাই বদলি বাণিজ্য বন্ধ করা, সুশাসন ফিরিয়ে আনা এবং সবাইকে সমান সুযোগ দেওয়া। বিশেষ করে রূপপুর নিয়ে গণপূর্ত বিভাগের যে বদনাম হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই।”
তিনি জানান, গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।
নির্বাহী প্রকৌশলীদের পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাঁদের পদায়নের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ এবং কর্মকর্তাদের অতীত চাকরির রেকর্ড পর্যালোচনা করে পদায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, অনিয়মের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। এ ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।
ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় এবং এর অধীন উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে ল্যান্ড ব্যাংক তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি জমির প্রকৃত অবস্থা নির্ধারণ করা হবে। কোন জমি সরকারের মালিকানাধীন, কোনটি দখলে রয়েছে এবং কোনটি বেদখল হয়ে আছে, তা চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বেদখল সরকারি জমি উদ্ধারের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি। বর্তমান সরকারের মেয়াদেই ভূমি ব্যবস্থাপনাকে যতটা সম্ভব ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার চেষ্টা চলছে।
আবাসন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে আবাসন বরাদ্দপ্রক্রিয়া ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, চলতি সপ্তাহের মধ্যেই এ প্রকল্প চালু করা হবে।
পুরাতন বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণ ও স্থানান্তরের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, প্রায় চার মাস আগে এ কার্যক্রম শুরু হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, সচিবালয়ের এক নম্বর ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের কথা ছিল।
তবে মন্ত্রিসভার আলোচনায় সংসদ ভবন ও আগারগাঁও এলাকাকে দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সামনে আসায় বিষয়টি নিয়ে সমীক্ষা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপিত হতে পারে। নতুন সচিবালয় নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত হলে দ্রুত কাজ শুরুর প্রাথমিক প্রস্তুতি রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের বর্তমান মেয়াদেই নির্মাণকাজ শেষ করার চেষ্টা করা হবে। প্রাথমিক ধারণাগত পরিকল্পনায় প্রায় ৩০ থেকে ৩২ লাখ বর্গফুট জায়গার প্রয়োজন হতে পারে।
বর্তমান সচিবালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, সেখানে পর্যাপ্ত জায়গা নেই। কয়েকটি মন্ত্রণালয় সচিবালয়ের বাইরে কার্যক্রম পরিচালনা করছে এবং পার্কিংয়ের ব্যবস্থাও অপ্রতুল। অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো বেশ পুরোনো। ফলে বর্তমান স্থানেই সচিবালয় থাকলেও ভবনগুলো নতুন করে নির্মাণের প্রয়োজন হবে।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, এর আগে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা প্রশংসিত হয়েছে। এ পদ্ধতির ফলে মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা এসেছে।
অনুষ্ঠানের আলোচনা শেষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বক্স থেকে লটারির স্লিপ তুলে নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করা, বদলি-পদায়নে অনিয়মের সুযোগ কমানো এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সমান সুযোগ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, লটারিভিত্তিক পদায়ন যথাযথভাবে বাস্তবায়িত হলে গণপূর্ত অধিদপ্তরের প্রশাসনিক শৃঙ্খলা ও জনআস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পাদক ও প্রকাশক: নুরুন নাহার, বার্তা সম্পাদক: মোঃ আনজার শাহ, সহকারী বার্তা সম্পাদক: রাহুল পাটোয়ারী, আরএস প্রিন্টার্স, ৯২ আরামবাগ, মতিঝিল, ঢাকা থেকে ছাপা প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৯ম তলা, ২৮/এ/৫, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন: ৯৫১৩৫৬৯, মোবাইল: ০১৮২৩-৪৭৫৫৩৫, ০১৭১১-০৫৭৭৭৩। ইমেইল: admin.nobojibon@gmail.com

ইমেইল : admin.nobojibon@gmail.com

© কপিরাইট। দৈনিক নবজীবন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত

Copyright © 2026 দৈনিক নবজীবন. All rights reserved.