• ঢাকা, বাংলাদেশ

নাটক-থিয়েটার সমাজের দর্পণ, অসংগতি তুলে ধরলেই বাড়বে জনসচেতনতা: বরুড়ার নবাগত এসিল্যান্ড বিশাল দাস 

 Radmin62 
09th Nov 2026 5:40 pm  |  অনলাইন সংস্করণ

 

মোঃ আনজার শাহ

নাটক ও থিয়েটার সমাজের দর্পণ। সমাজের বাস্তব চিত্র, অসংগতি ও নানা প্রতিবন্ধকতা নাট্যচর্চার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হলে জনসচেতনতা বৃদ্ধি পায়। একই সঙ্গে সমাজে বিদ্যমান নানা সামাজিক ব্যাধি ও অসংগতি দূর করার পথ সুগম হয়। তাই সামাজিক পরিবর্তন ও সচেতন সমাজ গঠনে নাট্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস।

সম্প্রতি বরুড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাট্যকর্মীদের উদ্দেশে বিশাল দাস বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাট্যচর্চা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি মানুষের চিন্তা, বিবেক ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার শক্তিশালী মাধ্যম। নাটক ও থিয়েটারের মধ্য দিয়ে সমাজের বাস্তবতা, অসংগতি এবং মানুষের জীবনঘনিষ্ঠ সমস্যাগুলো তুলে ধরা সম্ভব। তাই সমাজের অসংগতিগুলো সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সামনে উপস্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, আপনারা সমাজের অসংগতি, প্রতিবন্ধকতা ও বাস্তব সমস্যাগুলো যত বেশি মানুষের সামনে তুলে ধরবেন, মানুষ তত বেশি সচেতন হবে। এর মাধ্যমে সামাজিক ব্যাধি নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনাদের সৃজনশীল কর্মপ্রচেষ্টা ও সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

নিজের পরিচয় তুলে ধরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস জানান, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা সম্পন্ন করেছেন। বরুড়ায় যোগদানের আগে তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা নারায়ণগঞ্জ। তিনি বিবাহিত এবং তাঁর স্ত্রীও ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত।

নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে তিনি জানান, তাঁর বাবা নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন।

বক্তব্যে বিশাল দাস নাট্যকর্মীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে বলেন, তাঁদের কর্মপ্রচেষ্টা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তিনি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি নাট্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নাট্যকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং তাঁদের সৃজনশীল পথচলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নাটক ও থিয়েটারের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনসচেতনতা বাড়াতে নাট্যকর্মীদের আহ্বান জানিয়ে বিশাল দাস বলেন, সমাজের অসংগতি দূর করতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অপরিসীম।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন