• ঢাকা, বাংলাদেশ

সংসদ সদস্য সাঈদ আহমেদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময় 

 Radmin62 
09th Nov 2026 3:21 am  |  অনলাইন সংস্করণ

মোঃআনজার শাহ

জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সদ্য সমাপ্ত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এর সফল আয়োজন, নবনির্বাচিত কমিটির নেতৃত্ব এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও কল্যাণে সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মঞ্জুর হোসেন, ঢাকা মহানগর কোর কমিটির সভাপতি হোসাইন আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সোহেল।

সাক্ষাৎকালে সংস্থার নেতৃবৃন্দ সংসদ সদস্য সাঈদ আহমেদকে জানান, গত ৩১ অক্টোবর দেশব্যাপী সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে তাঁকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও রাষ্ট্রীয় ও পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ কর্মসূচির কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এ জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং সমাবেশের সফল আয়োজনের জন্য সংস্থার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময় সংসদ সদস্য সাঈদ আহমেদ জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর গনি এবং পুনর্নির্বাচিত মহাসচিব মঞ্জুর হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের দূরদর্শী ও গতিশীল পরিচালনায় সংস্থাটি সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।

আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকূল পরিবেশ গড়ে তুলতে সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ভূমিকা পালনে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।

প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য সাঈদ আহমেদ। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে তাঁদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অবদান অনস্বীকার্য।” সাংবাদিকদের সার্বিক কল্যাণ, পেশাগত অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় তিনি সব সময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভার শেষ পর্যায়ে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মঞ্জুর হোসেন ও ঢাকা মহানগর কোর কমিটির সভাপতি হোসাইন আহমদ সংসদ সদস্য সাঈদ আহমেদের হাতে সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট, ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা, ‘সমতল’ বিশেষ প্রকাশনা এবং অন্যান্য প্রকাশনা তুলে দেন।

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর