বিয়ে ও তালাক নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, চালু হচ্ছে অনলাইন ব্যবস্থা

তথ্য গোপন করে পুনর্বিবাহ, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধে কার্যকর হবে ডিজিটাল নিবন্ধন
নিজস্ব প্রতিবেদনঃ দেশে বিয়ে ও তালাক নিবন্ধনের প্রচলিত প্রক্রিয়ায় আসছে বড় ধরনের পরিবর্তন। বিবাহ ও তালাক নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চালু করা হচ্ছে অনলাইনভিত্তিক নিবন্ধন ব্যবস্থা। নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিবাহের তথ্য গোপন করে পুনরায় বিয়ে, বাল্যবিবাহ এবং অননুমোদিত বহুবিবাহের মতো অনিয়ম প্রতিরোধ সহজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে নাগরিকদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও স্বচ্ছ করা হবে। অনলাইনভিত্তিক নিবন্ধন চালু হলে বিবাহসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়বে। এতে নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম কমানোর পাশাপাশি সংশ্লিষ্ট সেবার মানোন্নয়ন সম্ভব হবে।
নতুন এই ব্যবস্থায় বিবাহ ও তালাকের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ফলে প্রয়োজনীয় তথ্য যাচাই আরও সহজ হবে। বিশেষ করে পূর্ববর্তী বিবাহের তথ্য গোপন করে পুনরায় বিয়ে করার প্রবণতা শনাক্ত করা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।
