• ঢাকা, বাংলাদেশ

দেবীদ্বারে দিনমজুর শফিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

 Anzar Shah admin 
04th Oct 2026 4:34 am  |  অনলাইন সংস্করণ

মো: আনোয়ার হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে দিনমজুর শফিকুল ইসলাম (৪৫) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা মামলার আসামিদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীদ্বার উপজেলার খোদাইচর বটতলী বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিহত শফিকুল ইসলাম (৪৫) জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির মৃত মহাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করতেন এবং তা থেকে পাওয়া আয় দিয়ে সংসার চালাতেন।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান শফিকুল। এ সময় একই বাঁশঝাড়ের মালিকানা নিয়ে লিমন (৪৭) ও তাঁর বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদের (২৬) সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। শফিকুল নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটছেন বলে দাবি করলে একপর্যায়ে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, পরে লিমন ও নিশাদ ঘর থেকে দা, ছুরি ও হাতুড়ি নিয়ে শফিকুলের ওপর হামলা চালান। একপর্যায়ে লিমন তাঁকে চেপে ধরেন এবং নিশাদ হাতুড়ি দিয়ে আঘাত ও দা দিয়ে কোপ দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শফিকুল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে লিমন, তাঁর ভাই নজরুল ইসলাম ও নজরুল ইসলামের ছেলে নিশাদকে আসামি করে দেবীদ্বার থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লিমনকে আটক করা হয়। পরে অপর আসামি নজরুল ইসলামকেও আটক করা হয়েছে। তবে নিশাদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শনিবার সকালে খোদাইচর বটতলী বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহতের স্ত্রী নার্গিস আক্তার স্বামী হত্যার সুষ্ঠু বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. ময়নাল হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিএনপি নেতা কাইয়ুম, মাস্টার কাইয়ুম, হাজী জাকির হোসেন ও নিহতের স্ত্রী নার্গিস আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান, আবুল কালাম, ব্যাংকার মো. ফারুক, মো. শাহআলম, নিহতের বড় ভাই নুরুল ইসলাম, মো. শাহজান, মো. ইউনুস, আবুল হোসেন, শরীফ, শাহিনসহ স্থানীয়রা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ কয়েকজন আসামিদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘শফিকুল ইসলাম হত্যা মামলার তিন আসামির মধ্যে দুজনকে আটক করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে, এতে কোনো সমস্যা নেই। তবে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে, যা ঠিক হয়নি। এ ঘটনায় কেউ মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে নিহত শফিকুল ইসলামের পরিবার ও স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর