• ঢাকা, বাংলাদেশ

মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জন করলেন ৩৫ সাংবাদিক 

 Radmin62 
01st Nov 2026 12:11 pm  |  অনলাইন সংস্করণ

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার বরুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার পরিসমাপ্তি ঘটে। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

বরুড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সংবাদচর্চায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কর্মশালার শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন।

বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই-এর সম্পাদক কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেদাদ উদ্দিন।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার প্রচলিত ধারায়ও এসেছে নতুন মাত্রা। সংবাদ সংগ্রহ, সম্পাদনা, উপস্থাপন ও প্রচারের ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার যেমন নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, তেমনি ভুয়া তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়িয়েছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার এবং তথ্যের সত্যতা যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতার কলাকৌশল, সংবাদ উপস্থাপনের আধুনিক পদ্ধতি এবং এর ব্যবহারিক দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

দ্বিতীয় দিনে সাংবাদিকতায় এআই প্রযুক্তির যথাযথ ব্যবহার, এআই-সৃষ্ট ভুয়া তথ্য শনাক্তকরণ এবং ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন কৌশল তুলে ধরেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

তৃতীয় দিনে তথ্য যাচাইয়ের বিস্তারিত পদ্ধতি, ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং সংবাদ প্রকাশের আগে তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কৌশল শেখান পিআইবির প্রশিক্ষক ও ‘বুম বাংলাদেশ’-এর ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর।

প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, সাবেক সভাপতি মো. আবুল হাসেম এবং অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক জসিম উদ্দীন খোকনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

শেষ দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সাংবাদিকতার নৈতিকতা, প্রশিক্ষণার্থীদের উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসব পর্বে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, সংবাদ পরিবেশনে সতর্কতা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রশিক্ষক ও অংশগ্রহণকারীরা।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, ছবি ও ভিডিও যাচাই না করে সংবাদ প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।

এ প্রেক্ষাপটে পিআইবির এ প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার কৌশল আয়ত্ত করা, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং পেশাগত নৈতিকতা অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

তাঁদের মতে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা বাস্তব সংবাদচর্চায় প্রয়োগ করা সম্ভব হলে বরুড়ার সাংবাদিকতা আরও সমৃদ্ধ, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ হয়ে উঠবে। একই সঙ্গে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় হবে।

সত্যের অনুসন্ধান, তথ্যের নির্ভুলতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকতার পথচলাকে আরও গতিশীল করার প্রত্যয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘটে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর