• ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

 Anzar Shah admin 
03rd Oct 2026 1:56 pm  |  অনলাইন সংস্করণ

আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি |

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন, কাশিমপুর মেট্রো থানার উদ্যোগে ৫৬টি স্কুলের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত ৯ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কেজি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক, হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল মোত্তালিব মিয়া এবং কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাশিমপুর মেট্রো থানা যুবদলের সদস্যসচিব কে. এম. হাফিজুর রহমান রাজু।

প্রধান আলোচক ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রওনাক উদ্দিন।

আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের পুবাইল মেট্রো থানা সভাপতি মো. মাসুদুর রহমান সিদ্দিকী, কোনাবাড়ী মেট্রো থানা সভাপতি মো. আখতার-উজ-জামান এবং সদর মেট্রো থানা সভাপতি মো. সাইফুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাহাজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. হাসেম রেজা এবং গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি লিজা খন্দকার লাকি।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কোনাবাড়ী থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার এবং সদর মেট্রো থানা সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিমপুর মেট্রো থানা সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অ্যাসোসিয়েশনের ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল এবং ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান।

প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী তাঁর বক্তব্যে বলেন, ‘এখানে উপস্থিত শিক্ষকদের প্রত্যেকেরই ছেলে-মেয়েদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব রয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ও শিক্ষকরা প্রতিষ্ঠানের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সবার জন্য সেখানে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা সম্ভব হয় না। এ বিষয়টি বিবেচনায় নিয়েই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। উদ্যোক্তারা সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এখানে অধিকাংশ অভিভাবকই মা। তাঁদের প্রতি অনুরোধ, শুধু সন্তানদের পড়াশোনার প্রতি নজর দিলেই হবে না; পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তাদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে, যাতে তারা বিপথে না যায়। সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারলেই আমরা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারব।’

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও প্রতিভার বিকাশ এবং শিক্ষাজীবনে উৎসাহ বাড়াতে বৃত্তি প্রদান ও সংবর্ধনার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়ার ওপরও তাঁরা জোর দেন।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকেরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর