• ঢাকা, বাংলাদেশ

ফুটপাত কারও ব্যক্তিগত সম্পত্তি নয়’: পল্টনে দখলমুক্তির আহ্বান, চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির কঠোর বার্তা 

 Anzar Shah admin 
04th Oct 2026 5:50 pm  |  অনলাইন সংস্করণ

 

স্টাফ রিপোর্টার:-

রাজধানীর পল্টন এলাকায় ফুটপাত দখলমুক্ত, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট, পসরা ও নানা প্রতিবন্ধকতা সরিয়ে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়।
রোববার (৪ অক্টোবর) পল্টন থানাধীন বিভিন্ন সড়ক ও ফুটপাত এলাকায় এ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে সড়কের আশপাশে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার বার্তাও দেন নেতা-কর্মীরা।
‘ফুটপাত কারও ব্যক্তিগত সম্পত্তি নয়’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্টন থানা বিএনপির সাবেক সভাপতি লোকমান হোসেন পকির, থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিয়ন হক রায়হান, থানা যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক মুন্না এবং এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আলামিন।

এ ছাড়া পল্টন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও পল্টন থানা বিএনপির সাবেক সভাপতি লোকমান হোসেন পকির, সমাজসেবক মো. সুলতান ও হাজী নেহাল, থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফরিন আহমেদ জাফর, সাবেক সহদপ্তর সম্পাদক পিন্টু কুমার দাস এবং সহসাংগঠনিক সম্পাদক মো. রাসেল বিশ্বাস।
নেতাকর্মীরা বলেন, ফুটপাত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য নির্মিত জনসাধারণের পথ। তাই ফুটপাত দখল করে দোকান, পসরা, নির্মাণসামগ্রী কিংবা অন্য কোনো স্থাপনা রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা উচিত নয়।
তাঁরা ফুটপাত দখল করে ব্যবসা বা অন্য কোনো কার্যক্রম পরিচালনাকারীদের প্রতি মার্জিত ভাষায় ফুটপাত ছেড়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পথচারীদের দুর্ভোগ সৃষ্টি না করতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা
নেতাকর্মীরা আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করার নামে কেউ চাঁদা বা অর্থ দাবি করলে বিষয়টি সংশ্লিষ্ট নেতা-কর্মীদের জানাতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার দায় দল নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁরা জানান।
রাজধানীর ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানের পর আবার ফুটপাত দখলের ঘটনা ঘটছে বলেও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফুটপাত দখল, চাঁদাবাজি বা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান:
নেতাকর্মীদের ভাষ্য, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে নগরের সৌন্দর্য বাড়বে এবং পরিবেশও কিছুটা ভারসাম্য ফিরে পাবে। তবে বৃক্ষরোপণের ক্ষেত্রে পথচারীদের চলাচল, যানবাহনের নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনার বিষয়টিও বিবেচনায় রাখার ওপর জোর দেন তাঁরা।
তাঁরা বলেন, দখলমুক্ত ফুটপাত মানে কেবল অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পথচারীর অধিকার, নগরের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও নিরাপদ চলাচল। ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা-কর্মী ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় ফুটপাত পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পণ্যসামগ্রী না রাখা, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়।
জনগণের চলাচলের অধিকারই অগ্রাধিকার
নেতাকর্মীরা বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় না দিয়ে মানুষের চলাচলের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পল্টনকে পরিচ্ছন্ন, সবুজ ও দখলমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকও পর্যায়ক্রমে রাজধানীর সব ফুটপাত দখলমুক্ত করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখল করলে কঠোর অভিযান পরিচালনা করা হবে এবং পথচারীদের জন্য নির্ধারিত হাঁটার পথ কোনোভাবেই পুনর্দখল করতে দেওয়া হবে না।

পল্টনের কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বলেন, একটি পরিচ্ছন্ন ও মানবিক নগর গড়ার দায় শুধু প্রশাসনের নয়; এটি নগরবাসীরও সম্মিলিত দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই পথচারীর অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর