নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই: শফিকুর রহমান

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক | জাতীয় দৈনিক নবজীবন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
গতকাল রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা উত্তর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো সরকার যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে সেই সরকারের দায়িত্ব পালনের সক্ষমতা ও ক্ষমতায় থাকার অধিকার নিয়ে প্রশ্ন ওঠে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকা উত্তর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে দলটির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
