নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণ ও স্বল্প আয়ের মানুষের আবাসন সরকারের অগ্রাধিকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু একটি ঘর নয়, বরং নিরাপদ পানি, স্যানিটেশন, বিদ্যুৎ, পরিবহনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা ও মৌলিক সুবিধাসম্পন্ন আবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য আবাসন, টেকসই নগরায়ণ’ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। বাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নিরাপদ আবাসনকে নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে সম্পৃক্ত করে দেখছে সরকার।
তিনি বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা সহজ নয়। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে মর্যাদার সঙ্গে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।
দেশের নগর এলাকাগুলোতে জনসংখ্যার চাপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন শহর তাদের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত জনসংখ্যার চাপের মুখে রয়েছে। এর ফলে নগরজীবনে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে।
পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তোলাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বাসযোগ্য, নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলার জন্য মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।
তিনি জানান, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নিরাপদ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর গড়ে তোলা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১১ অর্জনের পথ আরও সহজ হবে।
রাজধানীকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কেন্দ্রীভূত নগরায়ণ নয়; বরং বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়ন।
তিনি বলেন, ঢাকা ও দেশের অন্যান্য শহরের সঙ্গে দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি গ্রামীণ এলাকায় নাগরিক সুবিধা বাড়ানো হলে নগরাঞ্চলের ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানো সম্ভব হবে।
প্রধানমন্ত্রী জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারাদেশে স্থানিক পরিকল্পনা গ্রহণ এবং ঢাকার আশপাশে দ্বিতীয় পর্যায়ের টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরগুলোতে পরিকল্পিত আবাসন গড়ে তোলা হচ্ছে। এসব ক্ষেত্রে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নগরাঞ্চলের আবাসন সংকট মোকাবিলায় শুধু সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী আবাসন খাতে বেসরকারি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ব্লকভিত্তিক আবাসন ব্যবস্থা, নির্ধারিত এলাকায় পার্ক ও খেলার মাঠ এবং শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের নাগরিকদের জন্য ‘সবার জন্য নিরাপদ আবাসন’ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বিশ্ব বসতি দিবস-২০২৬-এর প্রতিপাদ্য:
‘সবার জন্য উপযুক্ত আবাসন’ (Adequate Housing for All)।
বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে ‘সবার জন্য আবাসন, টেকসই নগরায়ণ’ (Universal Housing, Sustainable Urbanisation) প্রতিপাদ্যে।
