গাইবান্ধায় বেলুন উড়িয়ে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এর উদ্বোধন, মেধা ও সৃজনশীলতার বিকাশে নতুন দিগন্ত

গাইবান্ধায় বেলুন উড়ি
গাইবান্ধা প্রতিনিধি লিটন মিয়া লাকু:
‘তীক্ষ্ণ যুক্তির স্ফুরণে, জ্বলে ওঠো সৃজনে’—এই উদ্দীপনাময় স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬। বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সোমবার (২ নভেম্বর) সকালে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। যুক্তিবোধ, সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী প্রতিভার বিকাশে এ আয়োজন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করেছে সম্ভাবনার নতুন দুয়ার।
জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) বিপুল চন্দ্র দাস, এনডিসি সাব্বির আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী লক্ষণ কুমার দাস, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ এবং কালচারাল অফিসার।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির নাহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
মেধা, যুক্তি ও সৃজনশীলতার বিকাশে ব্যতিক্রমী আয়োজন
জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশে উৎসাহ জোগানো। প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা, মেধা ও প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতেই এ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
আয়োজকদের প্রত্যাশা, এ উৎসব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের নতুন কিছু শেখা, চিন্তা করা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলবে। প্রতিযোগিতা ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে, যা ভবিষ্যতে তাদের জ্ঞানচর্চা ও নেতৃত্বের বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এমন আয়োজন শুধু প্রতিভা অন্বেষণের ক্ষেত্রই তৈরি করে না, বরং জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও উদ্ভাবনী সমাজ গঠনের পথেও নতুন সম্ভাবনার আলো ছড়ায়। গাইবান্ধার জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬ সেই প্রত্যাশা নিয়েই শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠেছে।
