• ঢাকা, বাংলাদেশ

মজুরি আন্দোলনের আড়ালে সহিংসতা, রণক্ষেত্র গাজীপুরের শিল্পাঞ্চল 

 Radmin62 
02nd Nov 2026 3:35 pm  |  অনলাইন সংস্করণ

বিশেষ প্রতিনিধি: এ এম লিটন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নেওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা। মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও আতঙ্ক। ব্যাহত হচ্ছে যান চলাচল, শিল্পকারখানার উৎপাদন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

সোমবার (২ নভেম্বর) আন্দোলন চলাকালে পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ, পুলিশের দুটি গাড়িসহ শতাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার থেকে সোমবার পর্যন্ত আন্দোলন-সংশ্লিষ্ট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল থেকেই কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, ভোগড়া, মালেকের বাড়ি ও নাওজোর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় প্রায় এক থেকে দেড় হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।

নাওজোর এলাকায় পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়। কালিয়াকৈরেও একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে।

সহিংসতার ঘটনায় বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় হামলায় আহত এক বিজিবি সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নাওজোর এলাকায় হামলার শিকার হন যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান। অভিযোগ উঠেছে, আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী একটি পক্ষ সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

পাশাপাশি শ্রমিক নন এমন যুবক ও কিশোরদের ১৫ থেকে ২০ জনের দল বিভিন্ন বন্ধ কারখানায় গিয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংবাদমাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের মধ্যে সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ ও বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

তিনি জানান, রোববার থেকে এ পর্যন্ত আন্দোলন-সংশ্লিষ্ট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা ও দলীয় পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। নাওজোরে পুলিশের ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সরকার, বিজিএমইএ, পোশাক কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনায় ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

তাঁর ভাষ্য, রোববার নতুন মজুরি কমিশন গঠন করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে বর্ধিত বেতন কার্যকর হওয়ার আশা করা হচ্ছে।

শওকত হোসেন সরকার অভিযোগ করেন, পোশাকশিল্পকে ধ্বংস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে। বিদেশি ইন্ধনে কিছু লোক কারখানায় গিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

শ্রমিকদের ধৈর্য ধারণ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। পোশাকশিল্প সচল থাকলে শ্রমিক ও দেশ উভয়ই উপকৃত হবে।

এদিকে মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ ঠেকাতে ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে একদল নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। অন্যদিকে মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকাতেও নেতাকর্মীরা অবস্থান করেন।

গাজীপুর মেট্রো বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, যানবাহন চলাচল সচল রাখা, যাত্রীদের দুর্ভোগ কমানো এবং বিশৃঙ্খলা ঠেকাতে তাঁরা মাঠে রয়েছেন।

এর আগে রোববার সকাল থেকে কালিয়াকৈরের মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিলে প্রায় সাড়ে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুপুর আড়াইটার দিকে পুলিশ ও বিজিবির তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

ওই দিন পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার ফটকে ভাঙচুর, একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ড, মৌচাকে ট্রাফিক পুলিশ বক্স এবং কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। আনসার অ্যাকাডেমির সামনে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়।

সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শ্রমিক ও সাংবাদিক আহত হন।

আন্দোলনের প্রভাবে রতনপুর, কোনাবাড়ী ও কাশিমপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয় এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশের হিসাবে, রোববার দুপুর আড়াইটা পর্যন্ত গাজীপুরে ১০০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে বিজিএমইএর হিসাবে, ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চল মিলিয়ে ছুটির আওতায় আসে ৫২৯টি কারখানা।

শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত কাজের সুযোগ কমে যাওয়ায় তাঁদের আয়ও কমেছে। এ অবস্থায় মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে রোববার সরকার নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয়। তবে মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া এই আন্দোলনকে ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ও উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, শিল্পকারখানার উৎপাদন সচল রাখা এবং রাষ্ট্রীয় সম্পদ, সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা—সব মিলিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে সহিংসতার কোনো সম্পর্ক থাকতে পারে না। একইভাবে শ্রমিকদের অধিকার রক্ষার নামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলারও কোনো গ্রহণযোগ্যতা নেই। সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা, কার্যকর সংলাপ এবং আইনের যথাযথ প্রয়োগই পারে শিল্পাঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর