সাংবাদিক হারিস মাহমুদের স্মরণে বরুড়ায় ‘স্মৃতির পাতায়’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

রুবেল হাসান, ( বরুড়া প্রতিনিধি)
কুমিল্লার বরুড়ায় প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণামূলক ম্যাগাজিন ‘স্মৃতির পাতায়’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় বরুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরুড়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। তিনিই সাংবাদিক হারিস মাহমুদের স্মরণে প্রকাশিত ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মো. বাবুল হোসেন এবং ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক হাকিম জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের প্রতিনিধি সলিল বিশ্বাস, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, দৈনিক শিরোনামের প্রতিনিধি মো. ইকরামুল হক, দৈনিক সকালের সময়ের বরুড়া প্রতিনিধি মোতাহার হোসেন সেলিম, দৈনিক ভোরের সূর্যোদয়ের বরুড়া প্রতিনিধি মো. শরীফ উদ্দিন, দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি মো. বিল্লাল হোসেন এবং দৈনিক সময়ের সংবাদের প্রতিনিধি বিল্লাল হোসেন খোকন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদের ছোট ভাই ও দৈনিক একুশের বাণীর প্রতিনিধি সফিউল্লাহ সুজন। অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
